৩ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তাঝুঁকি কমাতে সরানো হচ্ছে বিপজ্জনক রাসায়নিক

দীর্ঘ দুই দশক ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পুরোনো ও বিপজ্জনক রাসায়নিক পদার্থ অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ধ্বংসের জন্য ৯টি কনটেইনার চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জে নেওয়া হচ্ছে।

বন্দর সূত্র জানায়, প্রথম ধাপে অপসারণ করা ৯টি কনটেইনারের মধ্যে রয়েছে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের একটি কনটেইনার, মিথানলের পাঁচটি কনটেইনার এবং থিনারের দুটি কনটেইনার। এসব রাসায়নিক ধ্বংস করার উদ্দেশ্যে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়াটা কেমিক্যালসের কাছে নেওয়া হচ্ছে।

আমদানির পর বিভিন্ন কারণে এসব রাসায়নিক বন্দর থেকে খালাস করা হয়নি। এর সঙ্গে যুক্ত হয় মামলা-সংক্রান্ত জটিলতাও। ফলে বছরের পর বছর বিপজ্জনক রাসায়নিক ভর্তি কনটেইনারগুলো চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে পড়ে থাকে।

বন্দর সূত্রের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এভাবে আটকে থাকা মোট ২৯টি কনটেইনারে প্রায় ৮১ টন রাসায়নিক পদার্থ রয়েছে। দীর্ঘ সময় ধরে এসব বিপজ্জনক রাসায়নিক বন্দরের অভ্যন্তরে পড়ে থাকায় তা নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে। বিষয়টি সমাধানে সরকারের বিভিন্ন মহল থেকে উদ্যোগ নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় প্রথম ধাপে ৯টি কনটেইনার অপসারণ করা হয়েছে। বিশেষ নিরাপত্তাব্যবস্থায় রাসায়নিক বহনকারী গাড়িগুলো চট্টগ্রাম বন্দরের ৮-বি ইয়ার্ড থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়াটা কেমিক্যালসের উদ্দেশে যাত্রা করে।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে বন্দরে পড়ে থাকা বিপজ্জনক রাসায়নিক পর্যায়ক্রমে অপসারণ ও ধ্বংস করা হলে বন্দরের নিরাপত্তাঝুঁকি কমার পাশাপাশি ইয়ার্ডে দীর্ঘদিন আটকে থাকা কনটেইনার ব্যবস্থাপনাতেও গতি আসবে।

আরও পড়ুন