৫ অক্টোবর ২০২৬

লিয়াব চট্টগ্রাম সাউথ ডিভিশনের নেতৃত্বে তানভীরুল হক ও নাহিদ মঈন

ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ও ভাষা প্রশিক্ষকদের বৃহত্তর ঐক্য, পেশাগত উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর অব বাংলাদেশ (লিয়াব) চট্টগ্রাম সাউথ ডিভিশনের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে আগামী এক বছরের জন্য নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে মো. তানভীরুল হককে সভাপতি এবং নাহিদ মঈনকে সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কাউন্সিলে লিয়াবের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ আলমগীর কবিরসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সাউথ ডিভিশনের আওতাধীন ২৫০টিরও বেশি ভাষা শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশিক্ষককে একটি সমন্বিত প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে ভাষা শিক্ষা খাতের প্রতিষ্ঠান ও প্রশিক্ষকদের মধ্যে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত যোগাযোগ আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।

কাউন্সিলে বক্তারা বলেন, ভাষা শিক্ষার পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠান ও প্রশিক্ষকদের দক্ষতা উন্নয়ন, আধুনিক শিক্ষাপদ্ধতি, প্রশিক্ষণ এবং পেশাগত সুযোগ সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। লিয়াব চট্টগ্রাম সাউথ ডিভিশন সদস্যদের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে নিয়ে এসে এসব বিষয়ে কাজ করবে।

নতুন কমিটির নেতৃত্বে আগামী এক বছরে সদস্যদের সক্রিয় অংশগ্রহণে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা, পেশাগত উন্নয়নমূলক কার্যক্রম এবং পারস্পরিক সহযোগিতার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, চট্টগ্রাম সাউথ ডিভিশনের এ উদ্যোগ ভাষা শিক্ষা খাতের প্রতিষ্ঠান ও প্রশিক্ষকদের মধ্যে কার্যকর পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন