চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের রোগীদের চিকিৎসাসেবার মানোন্নয়নে চারটি আধুনিক চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছে এলবিয়ন গ্রুপ। গত ৪ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
প্রদান করা সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে দুটি পেশেন্ট মনিটর (EtCO2’সহ), একটি ৩-চ্যানেল ইসিজি মেশিন এবং একটি ডায়াথার্মি মেশিন (৪০০ ওয়াট, ১২০ বাইপোলার)।
চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রোগী কল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন, ডা. মো. তৈয়ব সিকদার, প্রফেসর ফাহমিদা ইসলাম চৌধুরী, রোগী কল্যাণ সমিতির ইসি সদস্য ডা. মিনু এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা।
এলবিয়ন গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত, হেড অব সেলস তুহিনুল ইফতেহা, সেলস ম্যানেজার মো. আইয়ুব ও আরএসএম আবু হেনা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। বিশেষ করে গাইনি বিভাগে রোগীর চাপ বিবেচনায় আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে এলবিয়ন গ্রুপের এ মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এলবিয়ন গ্রুপের প্রতিনিধিরা বলেন, মানুষের কল্যাণ ও চিকিৎসাসেবার উন্নয়নে সহযোগিতা করা তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।












