চট্টগ্রামের আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখা আয়োজিত ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৬-এ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে দারুল ইহসান হিফজুল কুরআন মাদরাসার শিক্ষার্থীরা।তাদের এই সাফল্যে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং শিক্ষকদের অবদানকে স্বীকৃতি হিসেবে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে দারুল ইহসান হিফজুল কুরআন মাদরাসার মিলনায়তনে সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠিত হয়।
এতে ৪০ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা হিসেবে অ্যাওয়ার্ড প্রদান এবং শিক্ষার্থীদের হিফজ শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ হিসেবে ৮ জন শিক্ষককে নগদ অর্থ প্রদান করা হয়।
দারুল ইহসান হিফজুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মারুফুল ইসলামের সভাপতিত্বে আনোয়ারা প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এইচ এম আব্দুল আজিজ ফয়সালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের সিনিয়র উপদেষ্টা মাওলানা মোকাদ্দাস হোসাইন তোরাবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাংবাদিক এইচ এম মহিউদ্দিন মনজুর,শিক্ষানুরাগী মোহাম্মদ জাকের হোসাইন,মোহাম্মদ সারওয়ার,সাংবাদিক খালেদ মনসুর,সাংবাদিক সাইফুল ইসলামসহ মাদরাসার শিক্ষকবৃন্দ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআনের হিফজ ও ইসলামী শিক্ষার প্রসারে শিক্ষার্থী,শিক্ষক ও মাদরাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগায়। একই সঙ্গে শিক্ষকদের সম্মাননা প্রদান তাঁদের নিরলস শ্রম, ত্যাগ ও আন্তরিকতার স্বীকৃতি।
তাঁরা আরও বলেন, কুরআনের হাফেজরা সমাজের মূল্যবান সম্পদ। তাদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তোলার পাশাপাশি কুরআনের আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে হিফজুল কুরআন ও ইসলামী শিক্ষার ক্ষেত্রে আরও সাফল্য অর্জনের জন্য তাদের উৎসাহিত করা হয়। পাশাপাশি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কুরআন শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।















