২৬ নভেম্বর ২০২৬

ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজ

স্মার্টফোন নিষিদ্ধের পর এবার অনুপস্থিতিতে ১০০ টাকা জরিমানা

এক দিনেই উপস্থিতি বেড়েছে ২৫ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় কাটিয়ে শ্রেণিকক্ষে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে গেছে চট্টগ্রামের রাউজানের ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। ক্যাম্পাসে স্মার্টফোন বহনে নিষেধাজ্ঞার পর এবার বিনা অনুমতিতে ক্লাসে অনুপস্থিত থাকলে প্রতিদিন ১০০ টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে। নতুন এই সিদ্ধান্তের পর এক দিনেই শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে ২০ থেকে ২৫ শতাংশ।

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের টানা তিন দিনের বেশি অনুপস্থিত থাকলে উপবৃত্তির ফরম না দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। গত ২২ ও ২৩ নভেম্বর ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল জব্বার চৌধুরীর স্বাক্ষরিত পৃথক দুটি জরুরি বিজ্ঞপ্তিতে ২০২৫-২৬ ও ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য এসব নির্দেশনা জারি করা হয়।

কলেজ কর্তৃপক্ষের দাবি, বিজ্ঞপ্তি জারির পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে যেখানে নিয়মিত উপস্থিতি ৫০ থেকে ৬০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ ছিল, নতুন সিদ্ধান্তের পর তা বেড়ে ৭৫ থেকে ৮০ শতাংশে উন্নীত হয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্মার্টফোন বহনে নিষেধাজ্ঞা জারি করে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত ইউনিফর্ম ও পরিচয়পত্র ছাড়া ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়। এসব সিদ্ধান্ত নিয়ে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা তৈরি হয়।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল জব্বার চৌধুরী বলেন, শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি বাড়াতে ও শ্রেণিকক্ষে মনোযোগ ফেরাতে বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমেই শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী বাড়ি থেকে বের হয়েও কলেজে আসে না, আবার অধিকাংশ অভিভাবকও এ বিষয়ে উদাসীন।

তিনি বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোই মূল উদ্দেশ্য। তবে অভিভাবকসহ কলেজে উপস্থিত হয়ে অনুপস্থিতির যথাযথ কারণ দেখাতে পারলে জরিমানা মওকুফ করা হবে। মেয়েদের উপস্থিতি ছেলেদের তুলনায় বরাবরই বেশি। স্মার্টফোন নিষিদ্ধের পরও অনেকে লুকিয়ে ফোন নিয়ে আসে। সেগুলো জব্দ করে অভিভাবকদের ডেকে হস্তান্তর করা হচ্ছে।

রাউজান উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁর মতে, অহেতুক অনুপস্থিতি পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলে। তাই শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এ ধরনের পদক্ষেপ সহায়ক হতে পারে। তবে এটি কলেজ কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি।

রাঙ্গুনিয়ার মরিয়মনগরের মাইজপাড়া থেকে আসা দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলেন, শিক্ষকদের সিদ্ধান্ত শিক্ষার্থীদের ভালোর জন্যই নেওয়া হয়েছে। নিয়মিত ক্লাস থাকলেও প্রাইভেট পড়ার কারণে তিন দিন কলেজে আসেন। অন্য দিনগুলোতে আসা হয় না। তবে এখন থেকে নিয়মিত ক্লাসে আসার চেষ্টা করবেন বলে জানান তিনি।

কলেজের সিদ্ধান্ত নিয়ে অভিভাবকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। হাজী মমতাজ মিয়া বলেন, কলেজ চলাকালে অনেক শিক্ষার্থীকে বাজারে ঘোরাঘুরি, আড্ডা ও খেলাধুলায় ব্যস্ত থাকতে দেখা যায়। জরিমানার কারণে হলেও তারা ক্লাসে ফিরবে বলে আশা করছেন তিনি। তাঁর মতে, অনলাইন ক্লাসের কথা বলে শিক্ষার্থীদের হাতে দেওয়া স্মার্টফোনের অনেকেই অপব্যবহার করছে। মোবাইল গেম, টিকটকসহ নানা বিষয়ে আসক্ত হয়ে পড়ছে তারা। জরিমানা ও স্মার্টফোন নিষেধাজ্ঞা এ প্রবণতা কমাতে ভূমিকা রাখবে।

তবে ভিন্নমত পোষণ করেছেন স্থানীয় কবি ও ছড়াকার সরোয়ার রানা। তিনি মনে করেন, শুধু জরিমানা কিংবা নিষেধাজ্ঞা দিয়ে শিক্ষার্থীদের মনোযোগ ফেরানো কঠিন। এর পাশাপাশি সাপ্তাহিক কাউন্সেলিং, নির্বাচনী পরীক্ষায় উপস্থিতির ওপর ২০ শতাংশ নম্বর বরাদ্দ এবং ভালো উপস্থিতির জন্য পুরস্কারের মতো প্রণোদনামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত চুয়েটের সামনে অবস্থিত ঐতিহ্যবাহী এই কলেজের সাম্প্রতিক ফলাফল বিপর্যয় কাটিয়ে উঠতে কর্তৃপক্ষের কঠোর অবস্থানকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় শিক্ষানুরাগীরা। তবে তাঁদের মতে, একাডেমিক মানোন্নয়নে নিয়ম-শৃঙ্খলার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক উদ্বুদ্ধকরণ, পাঠদানের মান বৃদ্ধি এবং অভিভাবকদের সচেতনতাও জরুরি।

আরও পড়ুন