২০ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে তারেক রহমান জন্মগ্রহণ করেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম জন্মদিন।

তারেক রহমানের শৈশব শুরু হয় একটি বিনয়ী পরিবেশে, যেখানে সরল জীবনযাপন ছিল তার পরিবারের মূলমন্ত্র। স্কুলে যাওয়ার বয়সে, তার বাবা-মা তাকে ঢাকা সেনানিবাসের শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করিয়েছিলেন, যা তখন একটি ইংরেজি-মাধ্যমিক স্কুল ছিল, যেখানে কেবল সেনা সদস্যদের সন্তানদের জন্য উন্মুক্ত ছিল।

তিনি তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। শিক্ষার উচ্চতর স্তরে তার যাত্রা শুরু হয় দেশের একটি শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ থেকে। ছাত্রজীবন থেকেই রাজনৈতিক দর্শন ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে তার আগ্রহ ছিল।

১৯৮৮ সালে বগুড়ার গাবতলীতে বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। এর আগে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার পাঁচটি আসনের নির্বাচনি প্রচার সমন্বয়ের দায়িত্ব পালন করেন।

২০০৭-০৮ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। ওই সময় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। পরে তিনি যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন শুরু করেন।

দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে ৩১ দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেন তিনি। এতে নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগের সংস্কারের বিষয়টি গুরুত্ব পায়।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। পাশাপাশি তিনি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

সরকার পরিচালনায় এসে পরিবার কার্ড ও কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছে তিনি। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিঋণ মওকুফ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগও নেয়া হয়েছে। পাশাপাশি সংসদীয় জবাবদিহি নিশ্চিত করা, সরকারি ব্যয়ে শৃঙ্খলা আনা এবং ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

সরকারের পরিকল্পনায় রয়েছে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের জীবনযাপনেও সাদামাটা ভাব লক্ষ্য করা যাচ্ছে। তার গাড়িবহর সীমিত রাখা এবং চলাচলের সময় দীর্ঘক্ষণ সড়ক বন্ধ না রাখার বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে।

তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলা। এমন একটি বাংলাদেশ, যেখানে সবার জন্য সমান সুযোগ, অধিকার ও সমৃদ্ধি নিশ্চিত হবে।

আরও পড়ুন