ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মীর হেলাল উদ্দীন বলেন, দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের কোনো সরকারপ্রধানের চট্টগ্রামে আসার ঘটনা এটিই প্রথম। এর আগে জন্মাষ্টমী উপলক্ষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া চট্টগ্রামে এসেছিলেন। এবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে সবার মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।
তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী একটি ‘রংধনু জাতি’ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছিলেন। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা বাস্তবায়নে কাজ করছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা জরুরি। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়েই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব। প্রধানমন্ত্রীর এ সফর সেই লক্ষ্য বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।














