২২ অক্টোবর ২০২৬

চুয়েটের অচলাবস্থা নিরসনে ৬ সদস্যের পরামর্শক কমিটি গঠন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিদ্যমান অচলাবস্থা নিরসন ও শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষাকার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে ছয় সদস্যের একটি পরামর্শক কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

গত সোমবার (১৯ অক্টোবর) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৮ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে চুয়েটের বর্তমান অচলাবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষাকার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে সুনির্দিষ্ট সুপারিশমালা প্রণয়নের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুনকে।

কমিটির অন্য সদস্যরা হলেন– বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারীকে কমিটির সদস্য ও ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিউদ্দিন আহমদকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিকে সাচিবিক সহায়তা দেবেন একই বিভাগের সহকারী পরিচালক মো. সেহজাদ রিফাত সিয়াম।

অফিস আদেশ অনুযায়ী, কমিটিকে চুয়েটের অচলাবস্থা নিরসনে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন কমিশনে জমা দিতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট নথি ও আনুষঙ্গিক কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা, প্রয়োজনীয় ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ এবং অন্যান্য প্রাসঙ্গিক কার্যক্রম পরিচালনা করতে পারবে কমিটি।

চুয়েটে সাম্প্রতিক সময়ে উপাচার্যকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা ও শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন