২৬ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের পটিয়া

সন্তানের মুখ দেখা হলো না নিহাতের, মৃত্যুর পেছনে নির্যাতনের অভিযোগ

চট্টগ্রামের পটিয়ায় সন্তান জন্মদানের সম্ভাব্য সময়ের মাত্র এক সপ্তাহ আগে তানিয়া কামাল নিহাত নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরকানাই গ্রামের মুনাফ হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন নিহাত। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহাত উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকার বাসিন্দা। স্বজনদের দাবি, চিকিৎসকের নির্ধারিত সম্ভাব্য তারিখ অনুযায়ী আর মাত্র এক সপ্তাহ পর তাঁর সন্তান প্রসবের কথা ছিল। মৃত্যুর পর তাঁর গলায় দাগ দেখতে পাওয়ার কথাও জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রায় ১০ মাস আগে নুরুদ্দীনের সঙ্গে বিয়ে হয় নিহাতের। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এসব বিরোধের জেরে নিহাতের পরিবারের পক্ষ থেকে পটিয়া থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল বলে জানা গেছে।

পারিবারিক বিরোধ ও অন্তঃসত্ত্বা হওয়ার কারণে বেশির ভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন নিহাত। সম্প্রতি স্বামীর অনুরোধে কয়েক দিনের জন্য শ্বশুরবাড়িতে যান তিনি। সোমবার তাঁর বাবার বাড়িতে ফিরে আসার কথা ছিল। কিন্তু তার আগেই তাঁর মৃত্যুর খবর পান স্বজনেরা।

নিহাতের মামা মোহাম্মদ মনির জানান, পারিবারিক বিরোধ নিয়ে এর আগে একাধিকবার বিচার-সালিশ হয়েছে। তাঁর পরিবারের অভিযোগ, বিভিন্ন সময় নিহাতের শ্বশুরবাড়ির লোকজন যৌতুক দাবি করতেন।

নিহাতের মায়ের অভিযোগ, যৌতুকের জন্য তাঁর মেয়েকে বিভিন্ন সময় নির্যাতন ও অপদস্থ করা হয়েছে। কোরবানির ঈদে গরু দেওয়াসহ নানা বিষয় নিয়ে তাঁকে চাপ দেওয়া হতো। তাঁর দাবি, নিহাতকে গলাটিপে হত্যা করা হয়েছে। এ ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ