চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণ থেকে আমন ধান রক্ষা করতে গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কৃষক মো. নেজাম উদ্দিন (৪৫)। দুর্বৃত্তরা তাঁর দুই হাত কেটে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পরে তাঁর লাশ রাঙ্গুনিয়া-বোয়ালখালী সীমান্তবর্তী গহিন বনের পাশে ফেলে রাখা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল সিঙ্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত নেজাম উদ্দিন সরফভাটা ইউনিয়নের মীরেরখীল ১ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. রফিকুল ইসলাম রক্করের ছেলে। কৃষিকাজের পাশাপাশি গরু-ছাগল পালন করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্য হাতির আক্রমণ থেকে নিজের আবাদ করা আমন ধান রক্ষা করতে মঙ্গলবার রাতে জমির পাশে পাহারা দিতে গিয়েছিলেন নেজাম উদ্দিন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে বিলের পাশে লাশ ফেলে রেখে যায়।
সকালে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রের দাবি, কয়েক দিন আগে ঘর নির্মাণকে কেন্দ্র করে নেজাম উদ্দিনের কাছে চাঁদা দাবি করেছিল দুর্বৃত্তরা। চাঁদা না দেওয়ায় তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয় কেউ কেউ। তবে চাঁদা দাবির বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণও এখনো নিশ্চিত নয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। তিনি বলেন, নেজাম উদ্দিন বন্য হাতির আক্রমণ থেকে আমন ধান রক্ষায় রাতে জমিতে পাহারা দিতে গিয়েছিলেন বলে তাঁরা জানতে পেরেছেন। সেখানে তাঁকে হত্যা করা হয়েছে।
পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া নিচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।














