চট্টগ্রামের আলোচিত দুটি হত্যা মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে বাকলিয়া থানার একটি হত্যা মামলায় পাঁচদিন এবং বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে কারাগার থেকে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। পরে দুই মামলায় শুনানি শেষে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, রিমান্ড শুনানি থাকায় মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনকে বুধবার দুপুরে আদালতে হাজির করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে দুজন নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ডেভিড ইমনকে প্রধান সমন্বয়ক ও অন্যতম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এ ছাড়া বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেভিড ইমনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
গত ২৯ জুলাই রাতে যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেফতার করে চট্টগ্রাম জেলা পুলিশ। তিনি পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।














