বাংলাদেশ রসায়ন সমিতির আয়োজনে ১৬তম রসায়ন অলিম্পিয়াডের চট্টগ্রাম অঞ্চলের প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৩১ অক্টোবর)। এতে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেবেন। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার পর একই দিন ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হবে।
প্রতিযোগিতায় নির্বাচিত কমপক্ষে ১০ জন শিক্ষার্থী আগামী ২৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন। সেখান থেকে নির্বাচিত চার শিক্ষার্থী তাইওয়ানে অনুষ্ঠিতব্য রসায়ন অলিম্পিয়াডের বিশ্ব আসরে অংশ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। বিশ্ব আসরটি ১৯ জুলাই থেকে ২৭ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে বাংলাদেশের প্রতিযোগীরা অস্ট্রেলিয়ার মেলবোর্ন, তাইওয়ানের তাইপে, তুরস্কের ইস্তাম্বুল, সৌদি আরবের রিয়াদ, দুবাই, উজবেকিস্তান ও থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন পদক অর্জন করেছেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
১৬তম রসায়ন অলিম্পিয়াডের চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম শামসুদ্দিন আজাদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ রসায়ন সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নূ ক ম আকবর হোসেন এবং সহসভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইদ্রিস আলী।
এ সময় আরও বক্তব্য দেন রসায়ন অলিম্পিয়াডের চট্টগ্রাম অঞ্চলের কো-কনভেনর নাজিমুদ্দীন শ্যামল, অধ্যাপক মো. মোসলেহ উদ্দিন, মঞ্জুরুল করিম, সুভাষ চন্দ্র দাশ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাবুল চন্দ্র নাথ, মো. আবদুল হান্নান, অধ্যাপক মো. নূরুল আনোয়ার ও মো. আবুল হাসেমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, রসায়ন একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ বিজ্ঞান। মানুষের জীবন সহজ ও নিরাপদ করা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্যসহ দৈনন্দিন জীবনের বিভিন্ন অনুষঙ্গের সুরক্ষা নিশ্চিত করতে রসায়নের বিকল্প নেই। নিরাপদ ও ঝুঁকিমুক্ত জীবনযাপন এবং মানবকল্যাণে বিজ্ঞানের প্রয়োগেও রসায়নের ভূমিকা অপরিসীম।
তাঁরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে রসায়নবিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি এবং মৌলিক বিষয়ে গবেষণায় উৎসাহিত করতে এ অলিম্পিয়াডের আয়োজন করা হচ্ছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে রসায়নবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। তাই মৌলিক বিজ্ঞান ও গবেষণার প্রতি শিক্ষার্থীদের আরও মনোযোগী করে তুলতে হবে।














