চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে পোমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মহি উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতা, সহিংসতা ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) উপজেলার পোমরা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একটি বিশেষ দল।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পোমরা ইউনিয়নে অভিযান পরিচালনা করে মহি উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা সালেহ আহমদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহি উদ্দীনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় নাশকতা, সহিংসতা ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে পলাতক ছিলেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।













