চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে নওশাদ আলম (৩৩) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে একটি এলজি, ৪টি ছোরা ও ৫টি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শাহেরখালী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নওশাদ আলম শাহেরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডোমখালী এলাকার জসিম উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার থানা পুলিশের সহায়তায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় অভিযান চালিয়ে নওশাদ আলমকে একটি এলজি, ৪টি ছোরা ও ৫টি রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ গ্রেপ্তার করে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, একটি এলজি, ৪টি ছোরা ও ৫টি রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ নওশাদ আলম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যোগাযোগ করা হলে মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক এসএম সুমন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে কোনো অস্ত্রবাজের জায়গা হবে না। কারও ব্যক্তিগত দায় দল নেবে না। তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।













