২৯ অক্টোবর ২০২৬

লিবিয়ার বন্দিশালা থেকে ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার বিভিন্ন বন্দিশালা থেকে আরও ১৭২ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়ার মিসরাতা শহর থেকে এই বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে।

তারা লিবিয়ার বেসরকারি এয়ারলাইন বুরাক এয়ারের একটি ফ্লাইটে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তারা ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন। প্রত্যাবাসিতদের মধ্যে ১৮ জন অসুস্থ।

ফেরত পাঠানোর আগে লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল হাবীব উল্লাহ মিসরাতা শহরে প্রত্যাবাসিত বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রি-ডিপার্চার ব্রিফিংকালে তিনি অনিয়মিত অভিবাসনের ঝুঁকি এবং এর শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক ও সামাজিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করেন তাদের।

একইসঙ্গে তিনি মানবপাচারকারী ও দালাল চক্রের প্রলোভন থেকে সতর্ক থাকার অনুরোধ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ায় আটক এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বিপদগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ লক্ষ্যে বেনগাজীর গানফুদা ও ত্রিপলীর তাজুরা বন্দিশালায় আটক বাংলাদেশিসহ অন্যান্য বিপদগ্রস্ত অভিবাসীদের দ্রুত দেশে প্রত্যাবাসনের জন্য দূতাবাস আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রেখেছে।

এর আগে গত মঙ্গলবার আরও ১৭৪ জন বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরেছিলেন; যারা প্রত্যেকেই দেশটির বন্দিশালায় আটক ছিলেন।

আরও পড়ুন