৬ নভেম্বর ২০২৬

মাদক কারবারের বিপুল নগদ অর্থসহ পুলিশের জালে ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক বিক্রির নগদ ৬ লাখ ৮০ হাজার টাকাসহ তিনজনকে আটক করেছে থানা-পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী পাড়া জামে মসজিদের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রধানঝিরি এলাকার বাসিন্দা মো. গোলাম হোসেনের ছেলে মো. জালাল আহমেদ (৩৬), মো. সোলাইমানের ছেলে মো. নুরুল আলম (৩২) ও মো. ছৈয়দ আকবরের ছেলে মো. ইয়াসিন উল্লাহ (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা কক্সবাজারের রামুর মরিচ্যা বাজার এলাকার এক ব্যক্তির কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা গ্রহণ করে সোনাইছড়ি হয়ে নাইক্ষ্যংছড়ির দিকে আসছিলেন। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা-পুলিশ অভিযান পরিচালনা করে ব্যবসায়ী পাড়া জামে মসজিদের সামনে থেকে তাঁদের আটক করে। অভিযানে তাঁদের কাছ থেকে নগদ ৬ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট নগদ অর্থ লেনদেনের তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে তিনজনকে আটক এবং নগদ ৬ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মাদক কারবার ও এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের লেনদেন বন্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাঁদের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ