বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি বসতঘরের গোপন কক্ষ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। অভিযানের সময় বাড়ির মালিক বুবু মার্মা (৩৫) পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জুমখোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জুমখোলা এলাকার মৃত প্রু অং মার্মার মেয়ে বুবু মার্মার বসতঘরে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ঘরের ভেতরে থাকা একটি ছোট গোপন কক্ষ থেকে তিন কাট বা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই স্থান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বুবু মার্মা পালিয়ে যান। পরে উদ্ধার করা ইয়াবা, আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বসতঘরের গোপন কক্ষ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও একটি বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত নারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।













