৮ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের স্বপ্নের সিনেমা ‘অন্যপাতা’য় চট্টগ্রামের আইনানের সুরের জাদু

একদল বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীর স্বপ্ন, শ্রম ও সৃজনশীলতায় নির্মিত চলচ্চিত্র ‘অন্যপাতা’। আর সেই স্বপ্নের চলচ্চিত্রে সুরের মূর্ছনা ছড়িয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন চট্টগ্রামের উদীয়মান সংগীত পরিচালক আইনান। সিনেমাটির ছয়টি মৌলিক গানের সংগীত প্রযোজনা, সংগীত আয়োজন ও পুরো চলচ্চিত্রের আবহসংগীত নির্মাণের দায়িত্ব সামলেছেন তিনি।

চলচ্চিত্রের গল্প, চরিত্রের আবেগ এবং দৃশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সংগীত নির্মাণের কাজটি ছিল আইনানের জন্য নতুন অভিজ্ঞতা ও বড় ধরনের সৃজনশীল চ্যালেঞ্জ। নাটক ও জিঙ্গেলের সংগীত পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার চলচ্চিত্রের বড় পরিসরে নিজের সংগীতভাবনার পরিচয় দিয়েছেন এই তরুণ সংগীত পরিচালক।

চট্টগ্রামের ছেলে আইনান ইতিমধ্যে টেলিভিশন নাটকের সংগীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন। বেশ কয়েকটি টিভি নাটকের সংগীত আয়োজন ও আবহসংগীত নির্মাণের পাশাপাশি বিভিন্ন শিল্পীর মৌলিক গান এবং জিঙ্গেলের সংগীত পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। ‘অন্যপাতা’র মাধ্যমে তাঁর কাজের পরিধি এবার চলচ্চিত্রের সংগীত নির্মাণ পর্যন্ত বিস্তৃত হলো।

সিনেমাটির ছয়টি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন আরিফুর রাহমান জনি, মনন, সৌভিক চৌধুরী, শামস আবতাহী ইসলাম ও রোবেন মিয়াজী। গিটারে ছিলেন সুচয়ন দে ও ঐশার্য গুপ্ত। গানগুলোর কথা ও সুর করেছেন ফাহরিয়াজ তাসজিম। সংগীতের সামগ্রিক বিন্যাস, গানের সুরের আবহকে পর্দার উপযোগী করে তোলা এবং দৃশ্যের আবেগকে আরও জীবন্ত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আইনান।

নিজের প্রথম চলচ্চিত্রের সংগীত নির্মাণের অভিজ্ঞতা জানিয়ে আইনান বলেন, “এই প্রথম কোনো চলচ্চিত্রের ছয়টি গানের সংগীত আয়োজন ও আবহসংগীতের দায়িত্ব পালন করতে পেরে আমি ভীষণ আনন্দিত ও উচ্ছ্বসিত। এর আগে অনেক টিভি নাটক ও জিঙ্গেলের সংগীত পরিচালক হিসেবে কাজ করেছি। তবে ‘অন্যপাতা’ চলচ্চিত্রের কাজ আমার কাছে বিশেষ অভিজ্ঞতা। এ সুযোগ করে দেওয়ার জন্য চলচ্চিত্রটির পরিচালক মো. শাহেজাহান এ্যানি, গানের কথা ও সুরকার মনন এবং ‘অন্যপাতা’র পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আগামী দিনে আরও ভালো ভালো কাজ করতে চাই। এ জন্য সবার কাছে দোয়া প্রত্যাশী।”

উল্লেখ্য, ‘অন্যপাতা’ কেবল একটি চলচ্চিত্র নয়; এর পেছনে রয়েছে একদল বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণের প্রায় দুই বছরের স্বপ্ন, পরিশ্রম ও আত্মত্যাগের গল্প। বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০ জনের বেশি শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত হয়েছে সিনেমাটি। বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা ছাড়াই নিজেদের অর্থ, টিউশনির আয় ও ব্যক্তিগত উদ্যোগে তাঁরা এগিয়ে নিয়েছেন চলচ্চিত্রটির নির্মাণকাজ।

এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানি। পরিবারের প্রত্যাশা, আর্থিক টানাপোড়েন, ভালোবাসা, পরিচয়ের সংকট এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধের মতো তরুণ প্রজন্মের পরিচিত জীবনসংগ্রাম উঠে এসেছে চলচ্চিত্রটির গল্পে।

প্রায় এক ঘণ্টা ৪০ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটিতে ছয়টি মৌলিক গানের পাশাপাশি রয়েছে বিস্তৃত আবহসংগীতের আয়োজন। নির্মাতাদের তথ্যমতে, সিনেমাটি ইতিমধ্যে সেন্সরে জমা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ১০ থেকে ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।

সব মিলিয়ে ‘অন্যপাতা’ একদিকে যেমন শিক্ষার্থীদের সম্মিলিত সৃজনশীল উদ্যোগের ব্যতিক্রমী উদাহরণ, অন্যদিকে আইনানের জন্য চলচ্চিত্রের সংগীতে নিজের দক্ষতা ও সৃজনশীলতা তুলে ধরার নতুন মঞ্চ। গল্পের দৃশ্যমান ভাষার সঙ্গে সুরের আবেগ মিশিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়ার প্রত্যাশা নিয়েই এগিয়ে চলেছেন চট্টগ্রামের এই তরুণ সংগীত পরিচালক।

আরও পড়ুন