কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন মালিকের ১৯টি ভাড়া ঘর ও চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে সৈকতপাড়া সড়কের একটি হোটেলসংলগ্ন বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তিনি বলেন, আগুনে তিন মালিকের ১৯টি ভাড়া ঘর ও চারটি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একইভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি।












