১১ নভেম্বর ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে দুই চোরাকারবারি আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১১ বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি এফজেড মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ২ লাখ ৪৩ হাজার ৫৬০ টাকা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা চোরাচালানের অর্থ সংগ্রহের উদ্দেশ্যে অবৈধভাবে মিয়ানমারে গমন করেছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

তবে আটক দুই ব্যক্তির নাম-পরিচয়, আটকের সময় ও সীমান্তের কোন পয়েন্ট থেকে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিভিন্ন সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে দুই ব্যক্তিকে আটক করে। এ সময় তাদের ব্যবহৃত একটি এফজেড মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ২ লাখ ৪৩ হাজার ৫৬০ টাকা জব্দ করা হয়। প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের চোরাচালান-সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে সূত্রগুলো জানিয়েছে।

আটকের ঘটনাটি নিয়ে বিস্তারিত জানতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির পিএসসি ইঞ্জিনিয়ার্সের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এদিকে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, জব্দ করা মালামাল কোথায় রাখা হয়েছে এবং তাদের পরিচয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় বিজিবির আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়ায় সংবাদে বিস্তারিত তথ্য সংযোজন করা সম্ভব হয়নি।

আরও পড়ুন