চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া আইনজীবী এম কামাল উদ্দিন। নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’র সভাপতি দাবি করে সম্প্রতি আলোচনায় এসেছিলেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
কর্ণফুলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাতে সিডিএ টেক এলাকার ওই বাসায় অবস্থান করছিলেন এম কামাল উদ্দিন। তার অবস্থানের খবর পেয়ে স্থানীয় লোকজন বাসাটি ঘেরাও করেন। খবর পেয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ২টার দিকে ওই বাসা থেকে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।
এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
গত অক্টোবর মাসে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন তিনি। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই আলোচনায় আসেন এই আইনজীবী।













