১৭ নভেম্বর ২০২৬

কক্সবাজারে ‘আশিক গ্রুপ’র প্রধান পুলিশের জালে

কক্সবাজার শহরের আলোচিত সন্ত্রাসী গ্রুপ ‘আশিক গ্রুপের’ প্রধান আশিকুল ইসলাম প্রকাশ আশিককে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা চেষ্টা, অস্ত্র, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) শহরের বাহারছড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আশিকুল ইসলাম কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়ার তাজুল মুল্লুক সড়ক এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল করিমের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ জানায়, শহরে সন্ত্রাসী ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে আশিককে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, আশিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া ২৩টি মামলার তথ্য রয়েছে। এসব মামলায় অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আশিককে গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ