ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে দিন দিন বাড়ছে পরিবেশদূষণ ও স্বাস্থ্যঝুঁকি। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, নির্ধারিত ময়লা ফেলার স্থান কিংবা পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় বাসাবাড়ি, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য ফেলা হচ্ছে সড়কের পাশে, বাজারের অলিগলিতে, নদী-খাল ও জনবসতিপূর্ণ এলাকায়। এতে পচা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা।
উপজেলা সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও আবাসিক এলাকার আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নানা ধরনের বর্জ্য। কোথাও বাসাবাড়ির উচ্ছিষ্ট, কোথাও বাজারের পচনশীল বর্জ্য, আবার কোথাও পলিথিন, প্লাস্টিক ও পরিত্যক্ত সামগ্রীর স্তূপ জমে আছে। নিয়মিত বর্জ্য সংগ্রহ ও অপসারণের ব্যবস্থা না থাকায় এসব স্থান কার্যত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দুর্গন্ধের কারণে অনেক পথচারীকে নাক চেপে চলাচল করতে হচ্ছে।
সবচেয়ে দুর্ভোগপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে উপজেলা সদরের বাজারের পূর্ব প্রান্তে উপজেলা খাদ্যগুদামের পাশে, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুর ঘেঁষে এবং শহীদ মিনার থেকে কলেজ মোড়গামী সড়কের আশপাশে। এসব স্থানে প্রতিনিয়ত বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য ফেলা হচ্ছে। ফলে তৈরি হয়েছে ময়লার বড় বড় স্তূপ। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। এ পথ দিয়ে প্রতিদিন চলাচলকারী শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, উপজেলা সদরে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণের কার্যকর কোনো ব্যবস্থা নেই। পর্যাপ্ত ডাস্টবিন কিংবা নির্ধারিত বর্জ্য ফেলার স্থান না থাকায় অনেকে বাধ্য হয়ে বাড়ি ও দোকানের আশপাশের খালি জায়গা, সড়কের পাশ কিংবা খালে ময়লা ফেলছেন। তবে অব্যবস্থাপনার পাশাপাশি জনসচেতনতার অভাবও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এক বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী বলেন, ‘এখানে শুধু দু-একজন ময়লা ফেলেন, বিষয়টি এমন নয়। এলাকার প্রায় সবাই ময়লা ফেলছেন। কারণ, কোথাও ডাস্টবিন নেই। নিরুপায় হয়ে মানুষ যত্রতত্র ময়লা ফেলছেন, এতে পুরো এলাকার পরিবেশ দূষিত হচ্ছে।’ তিনি গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন, নিয়মিত বর্জ্য সংগ্রহ এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধে কার্যকর নজরদারির দাবি জানান।
এদিকে উন্মুক্ত স্থানে জমে থাকা পচনশীল বর্জ্য জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এসব বর্জ্য মশা-মাছির বিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। বৃষ্টির পানির সঙ্গে আবর্জনা নালা ও জলাশয়ে ছড়িয়ে পড়লে পানিদূষণ এবং পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকিও বাড়তে পারে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের অব্যবস্থাপনা দীর্ঘমেয়াদে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ অবস্থায় নাসিরনগর উপজেলা সদরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে দ্রুত পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের মতে, গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন, নিয়মিত বর্জ্য সংগ্রহ ও অপসারণ, নির্ধারিত বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধে কঠোর নজরদারি প্রয়োজন। পাশাপাশি বাজার ও আবাসিক এলাকায় নিয়মিত তদারকি এবং জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।













