রাজধানীর উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে তার বাসায় যায় পুলিশ। দরজার সামনে পুলিশকে দাঁড় করিয়ে রেখে দীর্ঘ সময় ফেইসবুক লাইভে ছিলেন জ্যোতি। পরে তাকে বাসা থেকে ধরে নিয়ে যায় পুলিশ।
আটকের পর তার ভেরিফায়েড ফেইসবুক পেইজে লাইভের ভিডিও আর পাওয়া যায়নি। তার বাসাটি পড়েছে তুরাগ থানা এলাকায়। এ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলছেন, জ্যোতিকা জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
তার আগে রাত ২টার দিকে জ্যোতি ফেইসবুক লাইভে আসেন। এ সময় তার বাসার দরজায় পুলিশ দাঁড়িয়ে ছিল। পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ তাকে বাগবিতণ্ডা করতে দেখা যায়। তার বিরুদ্ধে কী অভিযোগ, কোন গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না, এসব জানতে চান জ্যোতি।
তিনি পুলিশকে বলেন, ‘প্রয়োজনে আমি সকালে আপনাদের অফিসে যাব। কিন্তু এখন যাব না।’
পুলিশ তার দরজা ভাঙতে ধাক্কাধাক্কি করলে তাকে লাইভে বলতে শোনা যায়, ‘আমার দরজা ভাঙার কোনো অধিকার আপনাদের নেই। এটা কিন্তু খুব খারাপ হবে।’
পরে তিনি পুলিশকে হাতকড়া না পরানোর অনুরোধও জানান।
জ্যোতিকা জ্যোতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ২০১৬ সালে ময়মনসিংহ-৩ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার জন্য দলটির মনোনয়নপত্রও কিনেছিলেন তিনি। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার টিকিট চেয়েছিলেন।
আওয়ামী লীগ সরকারের শেষের দিকে ২০২৩ সালের ১৪ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্বে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান জ্যোতি। জুলাই গণঅভ্যুত্থানে পটপরিবর্তনের পর সেপ্টেম্বরে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। তিনি শিল্পী ও কলাকুশলীদের নিয়ে আলোচিত ‘আলো আসবে’ গ্রুপের অ্যাডমিন ছিলেন।













