চব্বিশের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে খবর দিয়েছে রয়টার্স।
তার মুখপাত্র বার্তা সংস্থাটিকে বলেছেন, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মঙ্গলবার সকালে বলেন, ‘বাস্তবতা হচ্ছে, একজন সন্ত্রাসীকে আবেদন করা ছাড়া অন্য কোনোভাবে দেশে ফিরতে দেওয়া হবে না…তিনি সাধারণ কোনো বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। বুঝতে পারছেন? তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা যেতে পারে। এটাই বাস্তবতা।’
এদিনই শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে বলেছেন, ‘২০২৪ সালের ৫ অগাস্ট যেহেতু শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নেওয়া হয়েছিল, তাই এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে একইভাবে আকাশপথে পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।’
তিনি এও বলেছেন, ‘এ ধরনের পরিস্থিতিতে সংবিধানবহির্ভূতভাবে তাকে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে ফেরা নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব।’
রয়টার্স লিখেছে, এই প্রথম শেখ হাসিনা দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো দিন জানালেন। এতে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে।
দেশে ফিরতে চাওয়া শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে (এনআইডি) গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনকে চিঠি দেয় ম্যাট্রিক্স চেম্বার্স। ওই অনুরোধের অগ্রগতি জানতে ১৯ নভেম্বর ফের চিঠি দেন ল ফার্মটির আইনজীবী স্টিভেন পাওলস।
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা শেখ হাসিনা আগেই জানিয়েছিলেন। রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান।
বাংলাদেশে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড এখন নিষিদ্ধ। জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ হাসিনার মতই ভারতে, না হয় অন্য কোনো দেশে আত্মগোপনে আছেন। আর অনেকে আছেন কারাগারে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রোববার রয়টার্সকে বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি।
জাতিসংঘের হিসাবে, জুলাই গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ জনের মতো নিহত হয়ে থাকতে পারেন।
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযেগে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।













