২৬ নভেম্বর ২০২৬

বাঘাইছড়িতে বেশি দামে এলপিজি বিক্রি, ৯ ব্যবসায়ীকে জরিমানা

রাঙামাটি বাঘাইছড়ি উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে ৯ ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবসায়ীদের মোট ৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান। অভিযানে সহযোগিতা করে বাঘাইছড়ি থানা পুলিশ।

অভিযানকালে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এলপিজি সিলিন্ডারের বিক্রয়মূল্য ও ক্রয়-বিক্রয় সংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ৯ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি সরবরাহে শৃঙ্খলা বজায় রাখা, বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

বাজারে অনিয়ম রোধ ও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

আরও পড়ুন