২৬ নভেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সমালোচনা ঝড়!

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের এক নেতার সঙ্গে এক তরুণীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। শেখ মোহাম্মদ হোসেন নয়ন নামে ওই নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী হিসেবেও নিয়োগ পেয়েছিলেন বলে জানা গেছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দলীয় নেতাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এ ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন শেখ মোহাম্মদ হোসেন নিজেই।

জানা গেছে, শেখ মোহাম্মদ হোসেন পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন এলাকার বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ইসমাইল কেরানীর বাড়ির নুরুল আনোয়ারের ছেলে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের প্রিভিলেজডভুক্ত কর্মচারী হিসেবে শেখ মোহাম্মদ হোসেনকে ব্যক্তিগত সহকারী-কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেয়। গত ১৩ জুন সংসদ সচিবালয়ের ডিসিপ্লিন অ্যান্ড প্রিভিলেজ শাখার সহকারী সচিব মারুফা সুলতানা স্বাক্ষরিত অফিস আদেশে ১৭ ফেব্রুয়ারি থেকে তার নিয়োগ কার্যকর করা হয়। তবে সংসদ সদস্যের দাবি, নিয়োগের এক সপ্তাহের মধ্যেই তা বাতিল করা হয়।

শেখ মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে ২০১৮ সালের একটি মাদক মামলা রয়েছে। ওই বছরের ১৭ সেপ্টেম্বর পটিয়া থানার মনসা বাদামতল এলাকায় অভিযান চালিয়ে তার হেফাজত থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। এ ঘটনায় পরদিন পটিয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

এদিকে, ২০২৩ সালের ১১ আগস্ট জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ৪২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। রবিউল হোসেন রবিকে আহ্বায়ক ও কামরুদ্দীন সবুজকে সদস্যসচিব করে গঠিত ওই কমিটিতে ৬ নম্বর যুগ্ম আহ্বায়ক পদ পান শেখ মোহাম্মদ হোসেন নয়ন। দলীয় সূত্রে জানা গেছে, কমিটিটি এখনো বহাল রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের কয়েকজন নেতা বলেন, দলীয় পদে থেকে এমন বিতর্কে জড়ানো সংগঠনের জন্য বিব্রতকর। ভিডিওটি ঘিরে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে তারা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটলে কেন্দ্রীয় ছাত্রদল সিদ্ধান্ত নেবে। তবে কেউ ব্যক্তিগতভাবে অনৈতিক কাজে জড়িয়ে পড়লে তার দায়ভার সংগঠন নেবে না।’

অন্যদিকে, শেখ মোহাম্মদ হোসেন বলেন, ‘আমি রাজনীতিতে ভালো অবস্থানে থাকায় কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাজনৈতিকভাবে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে তারা এসব অপপ্রচার চালাচ্ছে বলে আমি মনে করি। এ বিষয়ে আমি আইনি ব্যবস্থা নিচ্ছি। তবে কারা এসব করছে, তা এখনো নিশ্চিত হতে পারিনি। সংশ্লিষ্টদের পরিচয় জানতে পারলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাব।’

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক বলেন, ‘শেখ মোহাম্মদ হোসেনকে আমি চিনি। সে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে রয়েছে। সচিবালয় থেকে তাকে আমার ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হলেও এক সপ্তাহের মধ্যেই সেই নিয়োগ বাতিল করা হয়। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে এ ধরনের কোনো ঘটনার কথা আমি শুনিনি। সে যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার তো আমি নিতে পারব না।’

ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত থাকলেও এর সত্যতা যাচাই এবং অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন