১৪ মার্চ ২০২৬

মহিউদ্দিন সোহেল হত্যাকান্ডের কূলকিনারা না হওয়ায় ক্ষোভ এলাকাবাসীর: অ্যাকশনে পুলিশ

তারেক মাহমুদ »

চট্টগ্রামে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যাকান্ডের আট মাস পেরিয়ে গেলেও কোন কূলকিনারা হয় নি আজও। আর এ নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে এলাকাবাসীর মাঝে। পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রামের সাবেক ও বর্তমান ছাত্রলীগের একাংশ।

সম্প্রতি ছাত্রলীগ নেতৃবৃন্দ পাহাড়তলি বাজার পরিদর্শন করেন। সেখানে এখনো মদ, জুয়াসহ অসামাজিক কার্যকলাপ চলায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

এদিকে, এলাকাবাসী ও ছাত্রলীগ নেতাদের অভিযোগের প্রেক্ষিতে অ্যাকশনে নেমেছে ডবলমুরিং থানা পুলিশ। তারই অংশ হিসেবে শনিবার (৩১ আগস্ট) ভোরে পাহাড়তলী বাজার থেকে চোরাই গরু এবং ছুরি ও রামদাসহ মুন্না (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মুন্না ডাকাত সর্দ্দার ফরিদের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

ডবলমুরিং থানার উপ পরিদর্শক হারুনুর রশিদ বাংলাধারাকে জানান, রামদা ও ছুরিসহ মুন্না নামে এক যুবককে ধরে বেঁধে রাখে স্থানীয়রা। পরে খবর পেয়ে আমরা গিয়ে তাকে গ্রেপ্তার করি। তার দেওয়া তথ্যমতে আমরা চুরি হওয়া একটি গরুও উদ্ধার করি।

মুন্নার বিরুদ্ধে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

তথ্য অনুযায়ী, রেলওয়ে পাওয়ার হাউজ কলোনি ও আশপাশের এলাকায় উল্লিখিত অপরাধ সংঘটিত হচ্ছে। এর পেছনে ফরিদ নামে একজন রয়েছে বলে জানা গেছে। মহিউদ্দিন সোহেলের চাপের মুখে ফরিদ গ্রেপ্তার হয়েছিল। সোহেল হত্যাকাণ্ডের পর এলাকায় আবারো একই কর্মকাণ্ড শুরু করেছে আসামিরা।

সোহেলের সহকর্মীরা জানায়, রেলওয়ে কলোনির জানাজার মাঠ উদ্ধার করে মহিউদ্দিন সোহেল বিভিন্ন সামাজিক কার্যক্রম গ্রহণ করেন। এসব কার্যক্রমের মধ্যে ছিলো সিসি ক্যামেরাসহ নিরাপত্তা গেইট। জানাজা নামাজসহ ধর্মীয় অনুষ্ঠান পালনের নির্দিষ্ট স্থান, ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। মদ-জুয়াসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে খুন হন সোহেল। যে চক্রের হাতে খুন হন তারাই আবার বীরদর্পে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এভাবে চলতে দেয়া যায় না।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে বাজারে মহিউদ্দিন সোহেলকে খুন করা হয়। এ সময় ব্যবসায়ীরা প্রায় দুই ঘণ্টা দোকান বন্ধ রাখেন। এই বাজারে পাইকারি ও খুচরা মিলিয়ে সাড়ে ছয়শ দোকান রয়েছে। চাক্তাই-খাতুনগঞ্জের পর এটি চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম পাইকারি বাজার।

খুনের ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই শাকিরুল ইসলাম বাদী হয়ে পরদিন রাতে নগরের ডবলমুরিং থানায় মামলা করেন। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর সাবের আহম্মদ সওদাগর ও নগর জাতীয় পার্টির সহসভাপতি ওসমান খানকে প্রধান আসামি করে ২৭ জনের নাম উল্লেখ করা হয়। প্রধান দুই আসামিই পাহাড়তলী রেলওয়ে বাজার কমিটির নেতা। আসামি মোবারক হোসেন আদালতে গত মাসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আর সাক্ষী হিসেবে বিচারিক জবানবন্দি দেন ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ব্যক্তি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ