৫ মে ২০২৬

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজের চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মো. রেজাউল করিম গোলাপ (৪৮)।

সোমবার (৪ মে) সকালে উপজেলার জোরারগঞ্জ বাজারের জোসনা ডেন্টাল কেয়ারে এ ঘটনা ঘটে। রেজাউল করিম দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর দরবেশ আলী ভূঁইয়া বাড়ির মরহুম মাওলানা অলি আহম্মদের বড় ছেলে ও মিরসরাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফের বড় ভাই। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয়েছে।

সাংবাদিক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘জোরারগঞ্জ বাজারে জোসনা ডেন্টাল নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। আমার ভাইয়া অনেক সময় রাত হয়ে গেলে গাড়ি-সংকটের কারণে সেখানে রাত্রিযাপন করতেন। তিনি পরিবার নিয়ে শহরে বাসায় থাকতেন। সোমবার সকালে আমার ভাতিজা এসে বাইরে থেকে চেম্বারের দরজা বন্ধ পান। পরে দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন ভাইয়া নিচে পড়ে রয়েছেন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, চিকিৎসক প্রাথমিকভাবে জানিয়েছেন স্ট্রোক করে তাঁর মৃত্যু হতে পারে। তিন মাস আগে কাতারে তাঁর আরেক ভাই একটি কক্ষে দম বন্ধ হয়ে মারা যান। সেই ভাইয়ের শোক কাটিয়ে ওঠার আগেই আরেক ভাইকে হারালেন। মারা যাওয়া দুই ভাই দুই বোনকে বিয়ে করেছিলেন। তাঁরা বায়রা ভাইও ছিলেন। এতে দুই ভাবি বিধবা হলেন, সন্তানরা এতিম হয়ে গেল।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মেহের নিগার মুনমন বলেন, ‘আজ সকালে রেজাউল করিম নামে একজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।’

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে যায়। দন্ত চিকিৎসক রেজাউল করিমের মাথার পেছনে ও কপালের পাশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। তাই মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন