২১ মার্চ ২০২৬

‘ষড়যন্ত্র নয়, আর্থিক নিরাপত্তার জন্যেই ধর্মঘট’

বাংলাধারা প্রতিবেদন »

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন সাকিবদের মুখপাত্র আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। তিনি বলেন, একজন ক্রিকেটার অনেক ঝুঁকি নিয়ে ক্রিকেট খেলে। তাদের ক্যারিয়ার মাত্র ১০/১৫ বছরের। এই সময়ের মধ্যেই তাঁদের পুরো জীবন চলার মতো অর্থ আয় করতে হয়। তাই নিজেদের জীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই ধর্মঘট।

এর আগে জানা যায়, বোর্ডের সাথে অবশেষে আলোচনায় বসবেন সাকিবরা। আলোচনায় বসার আগে দাবিগুলো সুস্পষ্টভাবে গুছিয়ে নিতেই এই বৈঠক ছিল, বলেছেন তাঁদের মুখপাত্র সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। তিনি আরো বলেন, বিসিবিকে নতুন করে ১৩টি দাবির চিঠি কোনো আইনী নোটিশ নয়। তবে আলোচনায় ক্রিকেটারদের মুখপাত্র এই আইনজীবী থাকতে পারবেন না।

এর আগে, গুলশানে সাকিবদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তাঁদের মুখপাত্র সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। এই ধর্মঘট কারো বিরুদ্ধে নয়, নিজেদের দাবি আদায়ের ধর্মঘট উল্লেখ করে তিনি জানান বুধবার (২৩ অক্টোবর) বিকেলে ডাকযোগে বিসিবির কাছে ক্রিকেটারদের তরফ থেকে নতুন করে ১৩টি দাবিসহ চিঠি পাঠানো হয়েছে।

দাবিগুলো হচ্ছে,

১। কোয়াবের বদলে প্রফেশনাল ক্রিকেটার্স এসোসিয়েশন গঠন করতে হবে।
২। প্রিমিয়ার লীগের প্লেয়ার্স ড্রাফট বাতিল করতে হবে। নিজের পছন্দমতো টাকা ও ক্লাবে খেলতে দিতে হবে।
৩। বিপিএল আগামী সিজন থেকে আবার আগের ব্যবস্থায় ফিরিয়ে নিতে হবে। বিদেশী ক্রিকেটার ও দেশী ক্রিকেটারদের মধ্যে পেমেন্টের বৈষম্য বন্ধ করতে হবে।
৪। প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ফি কমপক্ষে এক লাখ টাকা করতে হবে।
৫।সারাবছর কোচ ও প্র্যাকটিসের ব্যবস্থা করতে হবে।
৬। জাতীয় দলের চুক্তিভুক্ত ক্রিকেটার ৩০ জন করতে হবে।
৭। স্থানীয় কোচ, কোচিং স্টাফ ও গ্রাউন্ডসম্যানদের বেতন বাড়াতে হবে এবং বিদেশী স্টাফদের সাথে সমন্বয় করতে হবে।
৮। ঘরোয়া ক্রিকেটের প্রতি স্তরে ম্যাচের সংখ্যা ও টুর্নামেন্ট বাড়াতে হবে।
৯। ঘরোয়া ক্রিকেটের স্থায়ী সূচি করতে হবে।
১০। ক্রিকেটারদের পাওনা দাবি নির্দিষ্ট সময়ে দিতে হবে।
১১। দুইটির বেশি ফ্র্যাঞ্চাইজি লীগে খেলতে দিতে হবে। যদি জাতীয় দলের খেলা না থাকলে এবং ক্রিকেটারদের চাহিদা থাকলে খেলতে দিতে হবে।
১২। ক্রিকেট বোর্ডের মোট আয়ের নির্দিষ্ট পরিমাণ ন্যায্য হিস্যা ক্রিকেটারদের দিতে হবে।
১৩। নারী ক্রিকেটারদেরও একই সুবিধা দিতে হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন