বাংলাধারা প্রতিবেদন »
নোয়াখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন ইউছুফ (৪৪) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোর্ট গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত ইউছুফ বেগমগঞ্জ উপজেলার পূর্ব লাউতলী গ্রামের আবু তাহের প্রকাশ অলি উল্যার ছেলে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড গুলির খোসা, ৩টি রামদা, ১টি টর্চ লাইট, ১টি গ্যাস লাইট উদ্ধার করা হয়েছে। নিহত ডাকাত সর্দারের বিরুদ্ধে ৭টি ডাকাতিসহ ১২ মামলা ছিল।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(২৮ জানুয়ারি) মিজানর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার(২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট এলাকায় অভিযান চালিয়ে ইউছুফকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে তাকে নিয়ে রাত ২টা ১৫ মিনিটের দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দলের সহযোগিতায় বীরকোর্ট এলাকায় অভিযান চালায় সেনবাগ থানা পুলিশ।
সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত ইউছুফের সহযোগীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ইউছুফ পুলিশের কাছ থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে সহযোগীদের গুলিতে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
বাংলাধারা/এফএস/টিএম












