বাংলাধারা প্রতিবেদন »
দীর্ঘ কয়েক যুগ ধরে হাটহাজারী বাসস্টেশন এলাকায় অবৈধ দখলদারগণ পাকা ও আধাপাকা স্থাপনা নির্মাণ করে রেখেছিল। দিনদিন মহাসড়কের উপর যানবাহনের অত্যাধিক চাপ বৃদ্ধির পাশাপাশি মহাসড়ক ও মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের ফলে প্রতিদিন এ স্থানে ব্যাপক যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তি সৃষ্টি হতো। যানজট নিরসন ও যানবাহন নির্বিঘ্নে চলাচলের উদ্দেশ্যে গত ৫দিন অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ও সহকারি কমিশনার (ভূমি) সম্রাট খীসা।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, জনভোগান্তি ও যানজট নিরসনে গত ৫দিনের অভিযানের ধারবাহিকতায় আজও হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের যানজটের বিষফোঁড়া হিসেবে খ্যাত বাসস্টেশনের বেশ কিছু অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। দুই দফার অভিযানে উদ্ধার করা হয়েছে ৫কোটি টাকা মূল্যের প্রায় ৬শতক সরকারি জায়গা। এসব জায়গা ট্রাফিক বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়েছে যাতে করে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করা হয়। কেউ পুনরায় এসব সরকারি জায়গা দখলের অপচেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে।
অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম, টিআইও মোস্তাফিজ, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকের হোসেন প্রমুখ সহায়তা করেন বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম












