৩০ মার্চ ২০২৬

আমিরের অনুরোধ ফেলতে পারলেন না অক্ষয়

বাংলাধারা বিনোদন »

শেষ ছবি ‘থাগস অব হিন্দোস্তান’-এর ভরাডুবিতে হতাশাই বরণ করতে হয়েছিল আমিরকে। বিশাল বাজেটের সিনেমাটি মুখ থুবড়ে পড়েছিল। তাই নতুন সিনেমা নিয়ে বেশ চাপে রয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। নিয়ে আসছেন বিখ্যাত হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর অফিশিয়াল রিমেক। নাম ‘লাল সিং চাড্ডা’।

এ বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল আমিরের ‘লাল সিং চাড্ডা’ এবং অক্ষয়ের ‘বচ্চন পাণ্ডে’র। আমিরের আগে এই স্লট বুক করেছিলেন অক্ষয়। কিন্তু টুইট করে আমির জানিয়েছেন, অক্ষয় ও তাঁর ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার কাছে তিনি অনুরোধ করেছিলেন, অক্ষয়ের ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার জন্য। অক্ষয় তাঁর সেই অনুরোধ রেখেছেন।

গত কয়েক বছর ধরে বলিউডে রাজত্ব করছেন অক্ষয় কুমার। তার সবগুলো ছবিই হচ্ছে সুপার-ডুপার হিট। তাই তার সঙ্গে ক্ল্যাশে যাওয়া যে কারোর জন্যই হুমকি হয়ে পড়ছে এখন। এছাড়া বলিউডে এটাই প্রথমবার নয়। একই দিনে দুই মহারথীর ছবির মুক্তি থাকলে, এক জনের অনুরোধে অন্য জন পিছিয়ে যান।

অক্ষয় টুইটে লিখেছেন, ‘তোমার জন্য যে কোনও সময় আমির। আফটার অল, আমরা তো বন্ধু’ । এটুকু লেখার পরেই তিনি যে ‘বাঁকা’ ইমোজিটি দিয়েছেন, তাতেই ধরা পড়েছে ‘বন্ধুত্ব’র আসল সমীকরণ! অক্ষয় ও ‘বচ্চন পান্ডে’র প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমির টুইট করে লিখেছেন, কিছু সময় কেবল একটি কথোপকথনই যথেষ্ট। বন্ধু অক্ষয় ও সাজিদ নাদিয়াওয়ালাকে ধন্যবাদ। আমার অনুরোধে ‘বচ্চন পান্ডে’র মুক্তি পিছিয়ে দেওয়ার জন্য। সিনেমাটির প্রতি আমার শুভকামনা রইল।

উল্লেখ্য, অক্ষয়কুমারের ‘বচ্চন পাণ্ডে’ মুক্তি পাবে আগামী বছর জানুয়ারিতে। আবার ওই দিনেই অভিনেতার ‘বেল বটম’ মুক্তি পাওয়ার কথা ছিল, যা পিছিয়ে দেওয়া হল এপ্রিলে । অন্যদিকে ‘লাল সিং চাড্ডা’ নির্মাণ করেছেন অদভৈত চন্দন। এই সিনেমায় আমিরের বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর খান। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’ ।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা

আরও পড়ুন