৩০ মার্চ ২০২৬

দুই সিটির ভোট কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা

বাংলাধারা ডেস্ক »

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি  নির্বাচনে ভোটকেন্দ্রগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির পাঠানো এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়- ভোটকেন্দ্র হিসেবে যেসব প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছে, সেসব প্রতিষ্ঠানে বিদ্যমান সিসি ক্যামেরা তিনদিন ব্যবহার করা হবে। অর্থাৎ মক ভোটিংয়ের দিন এবং নির্বাচনের দিন এবং এর আগের দিন। তবে ভোট গ্রহণের দিন গোপন কক্ষের কোন দৃশ্য সিসি ক্যামেরার আওতায় আসবে না।

নির্দেশনায় আরও বলা হয়, ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত প্রতিষ্ঠানের বিদ্যমান সিসি ক্যামেরার সংখ্যাসহ বিস্তারিত তথ্য সংগ্রহ করে এগুলো তিনদিন ব্যবহার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে সার্বিক সমন্বয় ও সহায়তার জন্য ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তাকেও নির্দেশ দেয়া হয়েছে।

১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকেন্দ্র ১ হাজার ৩১৮টি। ভোটকক্ষের সংখ্যা ৭ হাজার ৮৪৬টি। ভোটার সংখ্যা ৩০ লাখ ১০ হাজার ২৭৩।

দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার ১৫০টি। ভোটকক্ষ ৬ হাজার ৫৮৮টি। এ সিটিতে মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন