২০ মার্চ ২০২৬

সাড়ে ১৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন লোহাগাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৭ হাজার ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। এছাড়া জব্দ করেছে মাদক পরিবহণের একটি ট্রাক।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে লোহাগাড়া বাজারে অবস্থিত আধুনিক হাসপাতাল এন্ড সুপার ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ড্রাইভার মো. জুয়েল রানা (৩২) পটুয়াখালীর বাউফল থানার বড়িপাশা এলাকার মো. আলী আকবরের ছেলে। সে বর্তমান চট্টগ্রামের জোরারগঞ্জ থানার মস্তাননগর এলাকায় বসবাস করে আসছে।

র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল লোহাগাড়া থানাধীন লোহাগাড়া বাজারে অবস্থিত আধুনিক হাসপাতাল এন্ড সুপার ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করা হয়। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দিলে ট্রাকটি র‌্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে মো. জুয়েল রানাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্ত মতে ট্রাকের ড্রাইভিং সিটের কভারের ভিতরে পলিথিন দ্বারা মোড়ানো সুকৌশলে লুকানো অবস্থায় ১৭ হাজার ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ট্রাকটি (বাগেরহাট উ-১১-০০০৪) জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮৬ লাখ ১৭ হাজার ৫০০ টাকা এবং উদ্ধারকৃত ট্রাকের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন