২০ মার্চ ২০২৬

করোনায় মারা গেছেন চলচ্চিত্র প্রযোজক নাসির উদ্দিন

বাংলাধারা বিনোদন » 

চলচ্চিত্র প্রযোজক ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সাবেক সদস্য নাসির উদ্দিন দিলু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মঙ্গলবার সকাল ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু খবরটি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন দিলু। তিন দিন আগে পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে দুই দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

মঙ্গলবার আসর নামাজের পর রাজধানীর বারিধারা মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

নাসির উদ্দিন দিলুর প্রযোজনায় নির্মিত হয়েছে ‘সোনার চেয়ে দামি’, ‘কাবিন’, ‘সাহস’, ‘নাচে নাগিন’, ‘রূপের রানী গানের রাজা’, ‘বুকের ধন’, ‘ফাঁসির আসামি’, ‘ভালোবাসা’, ‘মহান’-সহ অনেক চলচ্চিত্র।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির কার্যনির্বাহী সদস্য, সহকারী সাধারণ সম্পাদক, দুইবার সাধারণ সম্পাদক, দুইবার সহসভাপতি এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দিলু।

বাংলাধারা/এফএস/ইরা

আরও পড়ুন