২০ মার্চ ২০২৬

কক্সবাজারে নতুন নেতৃত্বে তৃণমূল ছাত্রলীগে উচ্ছ্বাস

কক্সবাজার প্রতিনিধি  »

মেয়াদ উত্তীর্ণে দীর্ঘ ৪ বছর পর কক্সবাজার জেলা কমিটিতে নতুন নেতৃত্ব পেয়ে তৃণমূল ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। সোমবার (২ নভেম্বর) ঘোষিত কমিটির ব্যাপারে প্রচার পাবার পর থেকে জেলার সাংগঠনিকসহ ৯ উপজেলা, চার পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের তৃণমূল ছাত্রলীগ নেতাকর্মীরা স্ব স্ব উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছে।

তৃণমূল নেতাকর্মীদের আশা, সদ্য বিদায়ী কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল সেসব অভিযোগ থেকে বেরিয়ে এসে স্বচ্ছ সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে ছাত্রলীগকে এগিয়ে নেবেন নতুন নেতৃত্ব। সেই লক্ষ্যে কেন্দ্র থেকে পরিচ্ছন্নদের বাছাই করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে বলে বিশ্বাস তাদের।

ছাত্রলীগ নেতা-কর্মীদের দাবি, দীর্ঘদিন পর দুজন মাঠ পর্যায়ের পরিচ্ছন্নকর্মীকে নেতা হিসেবে পেয়েছেন তারা। ত্যাগী ও তৃণমূলের ছাত্রলীগ কর্মীদের দুঃখ বুঝতে তারা সক্ষম হবে। সেই সাথে আগামীর কক্সবাজার জেলা ছাত্রলীগ হবে মাদকমুক্ত।

গত( ২ নভেম্বর) এস এম সাদ্দাম হোসাইনকে সভাপতি এবং আবু মো. মারুফ আদনানকে সাধারণ সম্পাদক করে ১৪জন বিশিষ্ট কক্সবাজার জেলা ছাত্রলীগের কমিটির আংশিক অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. মঈন উদ্দীন, কাইসার উল আলম মুন্না চৌধুরী, বোরহান উদ্দিন খোকন, নারিমা জাহান।

যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন, সাজ্জাদুল হক, মো. শওকত হোসেন (পেকুয়া)। এছাড়াও ওয়াসিফ কবির, কামরুজ্জামান হিরু, এরশাদুল হক মিলন, গাজীর নাজমুল হককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল একাধিক নেতা জানান, কক্সবাজার জেলা ছাত্রলীগের র মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে কয়েকবার সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। তবে জেলা ছাত্রলীগের শীর্ষ নেতাদের অসহযোগিতা আর অনিচ্ছায় সম্মেলন করা সম্ভব হয়নি। তাই শেষ পর্যন্ত সংগঠনের স্বার্থে গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি দেয়া হয়েছে।

সদ্য সাবেক জেলা কমিটির সদস্য তারেকুল ইসলাম রাহিত বলেন, কেন্দ্র ঘোষিত নতুন কমিটির ১৪ জনই সাংগঠনিকভাবে যোগ্য। আশা করছি নতুন নেতৃত্ব জেলা এবং অধীনস্থ ইউনিটগুলোকে নতুন করে সাজিয়ে ছাত্রলীগের ভাবমূর্তি অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। তৃণমূলের দাবি, অছাত্র, বিবাহিত, ইয়াবা কারবারি, মাদকসেবী, মোটরসাইকেল চোর, টোকাই ও বখাটেসহ অনুপ্রবেশকারীরা যাতে ছাত্রলীগে স্থান না পায়।

নবনিযুক্ত জেলা সভাপতি এস এম সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, অনেক যাচাই-বাছাইয়ের পর আমাদের দায়িত্ব দেয়া হয়েছে। যে উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ আমাদের ওপর দায়িত্ব অর্পণ করেছেন, তা সঠিক ভাবে পালন করে ছাত্রলীগের ভাবমূর্তি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।

তারা আরও বলেন, কোন দুর্বৃত্ত, মাদক কারবারি, মাদকসেবীসহ অপরাধের সাথে জড়িতদের ছাত্রলীগে স্থান হবে না। কমিটি দেওয়া নিয়ে কোন ধরণের অবৈধ বাণিজ্য না করে সাংগঠনিক দক্ষতার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করা হবে।

এদিকে, সদ্য বিদায়ী জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন তানিম নতুন কমিটি নিয়ে বিষোদগার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে চরম বিপাকে পড়েছেন। তাদের দেয়া নানা কমিটির নেতাকর্মীরা তাদের স্ট্যাটাসের নিচে নানা প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন।

ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের কমেন্টে লিখেন, ইশতিয়াক আহমেদ জয় ও মোর্শেদ হোসেন তানিম হয়তো আজীবন সভাপতি-সম্পাদক পদে থাকতে চান। এসময় তারা, ইশতিয়াক-তানিমের নানান অপকর্মকাণ্ডের সমালোচনা করে দুজনকে কক্সবাজারে ছাত্রলীগকে ধ্বংসের পথে নেয়ার কারিগর বলে উল্লেখ করছেন। দেশ ও সংগঠনের স্বার্থে প্রতিহিংসা বাদ দিয়ে নতুন কমিটিকে বরণ করে নিতে দুজনের প্রতি আহ্বানও জানান কমেন্টকারি নেতাকর্মীরা।

অন্যদিকে পদ বঞ্চিত সাবেক কয়েকজন নেতা ক্ষোভের বসে বুধবার হরতাল আহ্বান করলেও তা শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

হরতাল আহ্বানকারীদের পক্ষে মারুফ হোছাইন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুরোধে এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে আমাদের পূর্বঘোষিত বুধবারের (৪ নভেম্বর) হরতালের কর্মসূচী আপাতত স্থগিত ঘোষনা করা হল এবং কক্সবাজারের জেলা ছাত্রলীগের নিবেদিত প্রাণ ও সর্বস্তরের নেতা কর্মীদের ধৈর্য্য সহকারে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখার জন্য অনুরোধ করা হল।

একই সাথে তৃতীয় পক্ষ বা দুর্বৃত্ত কর্তৃক জেলার কোথাও রাস্তা-ঘাটে বা যান চলাচলে যেন বিঘ্ন ঘটাতে না পারে সেদিকে ছাত্রলীগ নেতা-কর্মীসহ সর্বস্তরের নেতা কর্মীদের সজাগ থাকার অনুরোধও জানান তিনি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন