১৩ মার্চ ২০২৬

কক্সবাজার মহাসড়কে বিপুল পরিমাণ কাঠসহ পিকআপ জব্দ

কক্সবাজার প্রতিনিধি  »

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চেড়াই কাঠসহ একটি পিকআপ জব্দ করেছে কক্সবাজার উত্তর বনবিভাগের বিশেষ টহল টিমের সদস্যরা। শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে রামু বাইপাস এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান উত্তর বনবিভাগের বিশেষ টিমের ইনচার্জ এ.কে.এম আতা এলাহী। তবে, এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বন কর্মকর্তা আতা এলাহী জানান, শীতের আবহ শুরু হবার পর থেকে বিভিন্ন এলাকা থেকে মূল্যবান কাঠের গুঁড়ি ও চেড়াই তক্তা পাচারে প্রচেষ্টা চালাচ্ছে গাছ চোর সিন্ডিকেট। শুক্রবার রাতেও মূল্য বেশ কিছু চেড়াই কাঠ পাচারের খবর পেয়ে অভিযানে নামে বিশেষ টহল দল। কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) তহিদুল ইসলামের নির্দেশনায় সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. সোহেল রানার তত্বাবধানে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু বাইপাস এলাকায় রাত ১১টার দিকে অভিযান চালিয়ে কাঠভর্তি একটি পিক-আপ (চট্টমেট্টো-ন-১১-৭৩৩৬) জব্দ করা হয়। অভিযান টিমের উপস্থিতি টের পেয়ে চালক ও পাচারকারীরা গাড়িটি রাস্তার পাশে দাঁড় করিয়ে পালিয়ে যান। জব্দ গাড়িতে প্রায় ৮০ ঘনফুট অবৈধ বিবিধ চিড়াই কাঠ মিলে। যার আনুমানিক মূল্য লাখ টাকা। গত এক সপ্তাহে কাঠভর্তি তিন পিকআপ জব্দ করা হয় বলেও উল্লেখ করেন তিনি। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) তহিদুল ইসলাম বলেন, লোকবল কম হলেও বন ও বনভূমি রক্ষায় প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছে বনকর্মীরা। সারাদিন কাজ করার পরও রাতের আঁধারে কাঠ পাচার রোধেও মাঠে রয়েছে। আইন প্রয়োগের মাধ্যমে বনজ দ্রব্য অবৈধ পাচার রদে সচেষ্ট রয়েছি আমরা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ