স্পোর্টস ডেস্ক »
বিশ্বকাপ বাছাই পর্বে ভেনিজুয়েলার বিপক্ষে আগামী ১৩ নভেম্বর নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল। উরুতে চোট পেয়ে ভেনিজুয়েলার ম্যাচ থেকে ছিটকে গেছেন এই তারকা। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) গত শুক্রবার নেইমারের চোটের সবশেষ অবস্থা তুলে ধরে এই তথ্য জানিয়েছেন।
ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার এক বিবৃতিতে বলেছেন, ভেনিজুয়েলার বিপক্ষে নেইমারকে মাঠে দেখা যাবে না। এক সপ্তাহ চিকিৎসার পর আমাদের বিশ্বাস, দ্বিতীয় ম্যাচে তার সুস্থ হয়ে ওঠার একটা সম্ভাবনা রয়েছে। আমরা গভীরভাবে তার অবস্থা পর্যবেক্ষণ করছি।
রদ্রিগো লাসমারের এমন বিবৃতিতে বোঝা যাচ্ছে, ম্যাচটির চার দিন পর উরুগুয়ের বিপক্ষে মাঠে ফিরতে পারেন নেইমার। আর সেজন্যই ভেনিজুয়েলার বিপক্ষের ম্যাচে না খেললেও দলের সঙ্গে সফরে থাকছেন নেইমার।
গত ২৮ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে ইস্তাম্বুল বাশাকশেহিরের বিপক্ষে ম্যাচে চোটাক্রান্ত হন পিএসজির ব্রাজিলীয় স্ট্রাইকার। সে সময় কোচ টমাস টুখেলও জানিয়েছিলেন চোটের কারণে নেইমারকে এখনই জাতীয় দলের হয়ে খেলাটা উচিত হবে না।
অন্যদিকে ক্লাবটির কথায় কান না দিয়ে নেইমারকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামানোর জন্য ভাবছে সিবিএফ। তবে এ ক্ষেত্রে বিষয়টি নিয়ে আপত্তি জানাচ্ছে পিএসজি।
বাংলাধারা/এফএস/ইরা












