আন্তর্জাতিক ডেস্ক »
কমলা হ্যারিসই হলেন প্রথম নারী যিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভুত ভাইস প্রেসিডেন্ট তিনি। নির্বাচনে জয়ী হয়ে আমেরিকার আড়াইশ’ বছরের ইতিহাসে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হলেন ক্যালিফোর্নিয়ার সাবেক এ সিনেটর।
আমেরিকার ইতিহাসে এ পর্যন্ত মাত্র দু’জন নারী ভাইস প্রেসিডেন্ট পদে লড়েছেন। ২০০৮ সালে রিপাবলিকান পার্টির হয়ে সারা পলিন, ১৯৮৪ সালে ডেমোক্রেটিক পার্টির জেরালডিন ফেরারো। তাদের কেউই নির্বাচিত হতে পারেননি। আবার বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিলে প্রথম নারী প্রেসিডেন্ট পাবে যুক্তরাষ্ট্র। তখন এটা আরও বড় রেকর্ড।
কমলা হ্যারিসের জন্ম ১৯৬৪ সালে ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ডে। কমলা প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও দক্ষিণ এশীয় বংশোদ্ভুত হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন এবং দুই বছর দায়িত্ব পালন করেন।
বাংলাধারা/এফএস/এআর












