২১ মার্চ ২০২৬

৬৬ চোরাই মোবাইল সেটসহ গ্রেফতার ৩

কক্সবাজার প্রতিনিধি  »

কক্সবাজারের পেকুয়ায় দুটি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের চোরাই ৬৬টি মোবাইল সেট জব্দ করেছে জেলা ডিবি পুলিশের সদস্যরা। এসময় চোরাই সেট কেনা-বেচায় জড়িত থাকার অপরাধে ৩ সহোদরকে আটক করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬ থেকে রাত ৮ টা পর্যন্ত পেকুয়ার টইটং বাজারের ‘রক সেইড স্টুডিও’ ও পেকুয়া বাজারের এসডি সিটি সেন্টারের ২য় তলায় অবস্থিত ‘দি টাচ টেক’ নামক দুইটি দোকানে এ অভিযান চালানো হয়। কক্সবাজার ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের পূর্ব টইটং গ্রামের মৃত মৌলভী আবুল হোসেনের তিন ছেলে মো. হোছাইন (৩৭), দেলোয়ার হোছাইন (৩৫) ও দিদার হোছাইন (৩০)।

ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী জানায়, গোপন সংবাদে খবর আসে পেকুয়া ও টইটং বাজারের দুটি দোকানে নিয়মিত চোরাই মোবাইল বিকিকিনি চলছে। গোয়েন্দা তথ্যে বিষয়টির সত্যতা পেয়ে ৭ নভেম্বর (শনিবার) কক্সবাজার ডিবির আভিযানিক সদস্যরা দুই দলে ভাগ হয়ে একই সময়ে টইটং ও পেকুয়া বাজারে অভিযান চালায়। একই পরিবারের দুটি ভিন্ন নামের দোকান থেকে নানা ব্রান্ডের ৬৬টি চোরাই মোবাইল সেট জব্দ করে ডিবি পুলিশ। এসময় চোরাই মোবাইল বেচাকেনার অপরাধে তিন ভাইকেও আটক করা হয়েছে।

তিনি আরো জানান, আটকদের কক্সবাজার ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের সহযোগী অনেকের নাম জানিয়েছে। এগুলো যাচাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে পেকুয়া থানায় মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। তাদের দেয়া তথ্য যাচাইয়ের পর সঙ্গতি বা অসঙ্গতি পেলে তাদের রিমান্ডেও নেয়া হতে পারে বলে উল্লেখ করেন ডিবির ওসি।

পেকুয়ার স্থানীয় সূত্র জানায়, টইটংয়ের মৃত মৌলভী আবুল হোছানের চার ছেলে দীর্ঘদিন ধরে টইটং বাজার, পেকুয়া বাজার, বাঁশখালী, কুতুবদিয়া ও চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারে বিভিন্ন মার্কেটে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। ধীরে ধীরে এরা চোরাই মোবাইল বেচাকেনার ব্যবসায় জড়িয়ে যায়। চট্টগ্রামের নিউমার্কেট ও রিয়াজউদ্দিন বাজার এলাকার চোরাই মার্কেট কিংবা কক্সবাজারের চোর-ছিনতাইকারিদের কাছ থেকে নিত্যদিন নানা ব্রান্ডের চোরাই মোবাইল কিনে বিকিকিনি চালাতেন তারা। স্থানীয় প্রভাবশালীদের সাথে তাদের দহরম সম্পর্ক থাকায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। ডিবি পুলিশের অভিযানে চোরাই মোবাইল জব্দ হওয়ায় সবাই হতবাক। আটককৃতেদর রিমান্ডে এনে মানুষকে ফতুর বানানো চক্রকে ধরতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তারা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ