বাংলাধারা প্রতিবেদন »
প্রশাসক খোরশেদ আলম সুজন হুঁশিয়ারি দিয়ে বলেন, কাজ না করলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ‘ডোর টু ডোর’ বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচির শ্রমিকদের নিয়োগ বাতিল করা হবে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নগরীর আন্দরকিল্লাস্থ পুরনো নগর ভবনে নগরবাসীর সঙ্গে ‘গণসাক্ষাৎ’ করার সময় লালখান বাজার ওয়ার্ডের একজন অধিবাসীর অভিযোগের জবাবে তিনি এ কথা বলেন।
চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, নগরীতে ডোর টু ডোর ময়লা-আবর্জনা পরিস্কার কাজে নিয়োজিত শ্রমিকরা ঠিকমতো দায়িত্ব পালন না করলে তাদের নিয়োগ বাতিল করা হবে।
তিনি বলেন, কর্পোরেশন ১২’শ কোটি টাকা দেনার দায় নিয়ে ডুবে আছে। মাসে ডোর টু ডোর শ্রমিকদের বেতন খাতে কর্পোরেশনের ২ কোটি ৪০ লাখ টাকা ব্যয় হয়।
‘এরপরও নগরবাসী ময়লা-আবর্জনা পরিস্কার হচ্ছে না বলে আমাকে প্রায়শ অভিযোগ করেন। এ ধরণের অভিযোগ কাম্য হতে পারে না।’
লালখান বাজার এলাকার অভিযোগকারী ওই ব্যক্তি প্রশাসককে আরও জানান, লালখান বাজার পোড়া কলোনী এলাকায় মাদ্রাসা, নালার আবর্জনা তুলে যত্রতত্র দীর্ঘসময় উন্মুক্তভাবে ফেলে রাখা হয়।
প্রশাসক সুজন অভিযোগটি পেয়ে তাৎক্ষণিক ওই এলাকার সব ময়লা-আবর্জনা পরিস্কারের ব্যবস্থা নিতে অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীকে নির্দেশ দেন।
বাংলাধারা/এফএস/এআর












