২০ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রের লাগে ৫ দিন, আমাদের লাগে ৫ মিনিট: সিইসি

বাংলাধারা প্রতিবেদন »

যুক্তরাষ্ট্রের আমাদের কাছে শেখার আছে বলে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, যুক্তরাষ্ট্র ৪ থেকে ৫ দিনে ভোট গুনতে পারে না। আমরা ৪ থেকে ৫ মিনিটে গুনে ফেলি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সিইসি। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের ভালো দিকগুলো থেকে আমাদেরও শেখা উচিত বলেও জানিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা-১৮ সংসদীয় আসনের পাশাপাশি সিরাজগঞ্জ-১ আসনেও উপনির্বাচন হচ্ছে। উভয় আসনে ইভিএমে ভোট নেওয়া হচ্ছে।

সিইসি নূরুল হুদা ঢাকা-১৮ সংসদীয় আসনের ভোটার। আজ দুপুর পৌনে ১২টার দিকে তিনি উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। সিইসি নূরুল হুদার আগে সকাল ১০টার দিকে একই কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান।

নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে সিইসি বলেন, নির্বাচন ব্যবস্থাপনা ঠিকঠাক আছে। কোথাও কোনো অনিয়ম হয়নি।

ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ জানেন না বলে উল্লেখ করেন সিইসি নূরুল হুদা। এ প্রসঙ্গে তিনি বলেন, ভোটার কম হওয়ার অনেক সমীকরণ থাকতে পারে। বিশেষজ্ঞরা এটা বিশ্লেষণ করে বলতে পারবেন।

গত মঙ্গলবার সরকার ও নির্বাচন কমিশনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে শিক্ষা নিতে বলেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা উল্লেখ করে সেদিন এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম ওই কথা বলেছিলেন। আজ প্রধান নির্বাচন কমিশনার দাবি করলেন, তাদের কাছে যুক্তরাষ্ট্রের শেখার আছে।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান ও বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন প্রধান প্রতিদ্বন্দ্বী।

জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগের লোকজন বহিরাগতদের নিয়ে এসে কেন্দ্র দখল করছে। বিএনপির এজেন্টদের বের করে দিচ্ছেন। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান বলেছেন, তিনি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর হোসেনের অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, তার অভিযোগ সত্য নয়। সকাল সাড়ে ৯টায় বিএনপির একজন ফোন করে বলেন, অভিযোগ নিয়ে আসবেন। তাই তিনি ভোট না দিয়ে আগে অফিসে যান। বেলা ১১টা পর্যন্ত অফিসে অপেক্ষা করলেও বিএনপির কেউ অভিযোগ নিয়ে আসেননি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন