২০ মার্চ ২০২৬

‘মাইনকার চিপায়’ নিয়ে উচ্ছ্বসিত দর্শক

বিনোদন ডেস্ক »

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভের প্রথম বাংলাদেশি অরিজিনাল ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’ মুক্তি পেয়েছে দিন কয়েক আগে। এর মধ্যেই দর্শকের কাছে ভালোই সাড়া পেয়েছে।

এ ফিল্মে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় তিন শিল্পী আফরান নিশো, শ্যামল মাওলা ও শরিফুল রাজ।

সপ্তাহ কয়েক আগে অনলাইনে ওয়েব ফিল্মটির টিজার ছাড়া হয়। এরপরই দর্শকের আগ্রহের কেন্দ্রে চলে আসে। গল্প ভাবনা, অভিনয় ও নির্মাণ— প্রায় সব বিভাগেই আবরার আতহার পরিচালিত থ্রিলার ও ডার্ক কমেডি ‘মাইনকার চিপায়’ নিয়ে উচ্ছ্বসিত দর্শক।

সোশ্যাল মিডিয়ায় বাংলা নাটক-চলচ্চিত্র সংশ্লিষ্ট গ্রুপগুলোতে আলোচনার কেন্দ্রে আছে চলচ্চিত্রটি। পাশাপাশি অনেক নির্মাতা প্রশংসা করেছেন।

এ চলচ্চিত্রে আফরান নিশোকে একদম ভিন্নরূপে দেখা গেছে। যিনি পুলিশ কর্মকর্তা সেজে মাদকাসক্ত শরিফুল রাজ ও মাদক ব্যবসায়ী শ্যামল মাওলাকে এক কঠিন পরিস্থিতিতে ফেলে দেন।

জানা গেছে, লকডাউনের মধ্যে চারটি ভিন্ন স্থানে চার দিনে ফিল্মটির শুটিং সম্পন্ন করা হয়। এতে ইন্ডি রেট্রো লুক আনার জন্য ষাটের দশকের ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে।

পরিচালক আবরার আতহার বলেন, “কমেডি থ্রিলার ধাঁচের এ সিরিজটির প্রত্যেকটি চরিত্রের আলাদা গুরুত্ব রয়েছে। ‘মাইনকার চিপায়’ শুধুমাত্র বিনোদন মুভি নয়। এতে দেখানো হয়েছে মাদকাসক্তি কীভাবে একজন মানুষকে দুর্বল করে ও বিপদে ফেলে।”

বাংলাধারা/এফএস/ইরা 

আরও পড়ুন