রাঙামাটি প্রতিনিধি »
আঞ্চলিকদলীয় সন্ত্রাসীদের নির্ধারিত চাঁদা পরিশোধ না করার অজুহাতে চালককে মারধর করে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাঙামাটির কুতুকছড়িতে। তবে এই ঘটনার চারদিনেও ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার করা হয়নি। তাই অটোরিক্সা উদ্বারের পাশাপাশি উপজাতীয় সন্ত্রাসীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযানের দাবিতে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে রাঙামাটি সিএনজি অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার সকালে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রাঙামাটি অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার, শ্রমিক নেতা আব্দুল হালিমসহ অন্যান্য শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা পাহাড়ে অব্যাহত সন্ত্রাস চাঁদাবাজি, ছিনতাই, খুন ও অপহরন ঘটনা বন্ধে সেনা ক্যাম্প স্থাপনের দাবী জানিয়েছেন। এছাড়া আগামী রবিবারের মধ্যে ছিনতাইকৃত সিএনজি অটোরিক্সা উদ্ধার করে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান বক্তরা। তা না হলে বৃহত্তর আন্দোলনে যাবার ঘোষণাও দেওয়া হয়।
সমাবেশ শেষে পাহাড়ে সশস্ত্র তৎপরতায় লিপ্ত থাকা আঞ্চলিক দলগুলোর উপজাতীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশ চলাকালে সকাল সাড়ে ৯ টা থেকে ১১টা পর্যন্ত দেড় ঘন্টা শহরে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ থাকে। এতে যাত্রীরা কিছু সময় ভোগান্তিতে পড়ে।
বাংলাধারা/এফএস/এআর












