বাংলাধারা প্রতিবেদন »
“প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবিলায় আনবে গতি” এ প্রতিপাদ্য নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সারাদেশের ন্যায় চট্টগ্রামেও শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নগরীর আগ্রাবাদ চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস স্টেশনের মাঠে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২০২০‘ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ পরিচালক মো. আজিজুল ইসলাম, উপ-সহকারী পরিচালক (জোন-২) ফরিদ আহাম্মদ চৌধুরী , উপ-সহকারী পরিচালক (জোন-৩)মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া, উপ-সহকারী পরিচালক মো. আলী আকবরসহ স্টেশন অফিসাররা।
এবারের সপ্তাহ পালনের মূল লক্ষ্য জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ফায়ার সার্ভিসের কার্যক্রমে তাদের সম্পৃক্ত করা। এ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে তিন দিনব্যাপী সারা দেশে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ২১ নভেম্বর ফায়ার সার্ভিস সদর দফতরে রাষ্ট্রীয় পদকপ্রাপ্তদের মধ্যে পদক বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহ কার্যক্রমের সমাপ্তি হবে।
ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান বাণী দিয়েছেন।
বাংলাধারা/এফএস/ওএস












