বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৪২ জন; যা গত চার মাসে সর্বোচ্চ। এদিন মোট ১ হাজার ২৭০ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের চিহ্নিত করা হয়। নতুন শনাক্তদের মধ্যে ২০০ জন নগরের ও ৪২ জন উপজেলার বাসিন্দা।
সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৩ হাজার ৮৭০ জনের মধ্যে ১৭ হাজার ৮৫১ জন নগরের ও ৬ হাজার ১৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩১৩ জন; এর মধ্যে ২১৯ জন নগরের ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৮ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭৭ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের ও সিভাসুতে ৪২ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৬ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।
ইমপেরিয়াল হাসপাতালে ১৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের, শেভরণে ২৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩১ জনের নমুনার মধ্যে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর












