২০ মার্চ ২০২৬

সৌদি যুবরাজ সালমানকে মুজিববর্ষ উদযাপনে আমন্ত্রণ

বাংলাধারা প্রতিবেদন  »

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আগামী মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপনে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুলাইহান রবিবার (২২ নভেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করলে মন্ত্রী এ আমন্ত্রণ জানান।

সাক্ষাতকালে বাংলাদেশের জ্বালানিসহ বিভিন্ন খাতে সৌদি আরবের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগের আগ্রহের কথা জানান রাষ্ট্রদুত। এছাড়া রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে এখানে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের সুষ্ঠুভাবে সৌদি আরবে ফিরিয়ে নেওয়া সুগম করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।

পররাষ্ট্রমন্ত্রী বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরো এগিয়ে নিতে রাষ্ট্রদূতকে সকল সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাধারা/এফএস/ওএস

আরও পড়ুন