কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের বাস টার্মনাল-বিজিবি ক্যাম্প এলাকার মাঝামাঝি সড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মেডিপ্লাস কোম্পানির কর্মী এক যুবক খুন হয়েছেন। রবিবার (২২নভেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বাস টার্মিনালের পশ্চিম এলাকার বিএডিসি খামার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোছাইন (৩২) বগুড়ার আদমদীঘির এলাকার বাসিন্দা। মেডিপ্লাস কোম্পানির এমপিও হিসেবে তিনি গত দুই মাস আগে কক্সবাজারে আসেন। কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন চৌধুরীপাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।
স্থানীয় মুহিব উল্লাহ জানান, রবিবার রাতে বিএডিসি খামারের পাশে সড়কে আনোয়ারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়ররা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আনোয়ারের সহকর্মী মেডিপ্লাস কোম্পানির কর্মকর্তা মো. রিমন বলেন, আনোয়ার অফিসের কাজ শেষ করে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েছিল বলে মনে হচ্ছে। ছুরিকাঘাতে তার নিহতের ঘটনায় আমরা উদ্বিগ্ন। খুনের বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, ধারণা করা হচ্ছে-ছিনতাইকারীর ছুরিকাঘাতে আনোয়ার মারা গেছেন । তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মনছুরকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি হাসপাতালে গিয়ে দেখেন নিহতের বুকে ও শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ব্যবহৃত মোবাইল, ব্যাগসহ বেশ কিছু জিনিস ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বাংলাধারা/এফএস/এআর












