১৯ মার্চ ২০২৬

৩ রানে আউট হয়েও সাকিবের রেকর্ড

স্পোর্টস ডেস্ক  »

টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ হাজার রান স্পর্শ করলেন সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে খেলতে নেমে এই রেকর্ডের অংশীদার হলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় ও বিশ্বের ৬৫তম ব্যাটসম্যান হিসেবে স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেটে পাঁচ হাজারের মাইলফলকে পৌঁছলেন তিনি। তার আগে বাংলাদেশের তামিম ইকবাল ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশগ্রহণের পূর্বে ৫ হাজারি ক্লাবে জায়গা করে নিতে সাকিবের প্রয়োজন ছিল মাত্র ৩০ রান। জেমকন খুলনার হয়ে প্রথম ম্যাচে সাকিব আউট হয়েছিলেন ১৫ রানে আর দ্বিতীয় ম্যাচে করতে পেরেছিলেন ১২। তাই তো তৃতীয় ম্যাচে এসে এই রেকর্ড স্পর্শ করতে সাকিবের দরকার ছিল মাত্র ৩ রান।

যদিও এরপর আর এদিন কোনো রান যোগ করতে পারেননি সাকিব। নাহিদুল ইসলামের বলে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে ৭ বলে ৩ রান করে ফিরতে হয় সাকিবকে। টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচে মাত্র ৩০ রান করতে পেরেছেন সাকিব।

৩১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। সমান ম্যাচে তার উইকেট সংখ্যা ৩৫৫টি।

বাংলাধারা/এফএস/ওএস

আরও পড়ুন